যৌতুক না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বারগাঁও গ্রামে যৌতুক না পেয়ে সুমাইয়া আক্তার (২৬) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও বিষ প্রয়োগে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামী আমিনুল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করেছে। সুমাইয়ার পরিবার ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, ২০০৯ সালে উপজেলার বারগাঁও ইউনিয়নের আঠিয়াবাড়ী গ্রামের সুমাইয়া আক্তারের (২৬) সঙ্গে একই ইউনিয়নের বারগাঁও গ্রামের আমিনুল ইসলামের বিয়ে হয়। বিয়ের সময় আমিনুলকে যৌতুক হিসেবে নগদ এক লাখ টাকা, স্বর্ণালংকার ও আসবাব দেওয়া হয়। তাঁদের সংসারে একটি ছেলেসন্তান রয়েছে। কিছুদিন ধরে আমিনুল মাদক গ্রহণ করছেন এবং নানা অপরাধে জড়িয়ে পড়েছেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আমিনুল মাদক সেবন করে ঘরে এসে সুমাইয়ার ওপর নির্যাতন চালাতেন। এ ছাড়া সুমাইয়াকে বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা এনে দিতে বলেন। টাকা এনে না দিলে তিনি সন্তানকে বিক্রি করে দেওয়ারও হুমকি দেন। চলতি মাসের প্রথম দিকে সুমাইয়াকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। গত শনিবার বিকেলে সালিসের মাধ্যমে সুমাইয়ার চাচাশ্বশুর আবদুল মতিন পুনরায় সুমাইয়াকে তাঁদের বাড়িতে নিয়ে যান। কিন্তু আমিনুল তাঁর ওপর পুনরায় নির্যাতন শুরু করেন। সুমাইয়ার পরিবার জানায়, গতকাল সকাল আটটার দিকে সুমাইয়ার শ্বশুরবাড়ি থেকে তাঁর ভাই মো. রিপনের মুঠোফোনে কল করে জানানো হয়, সুমাইয়া অসুস্থ। তাৎক্ষণিক সুমাইয়ার শ্বশুরবাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের মেঝেতে তাঁর লাশ পড়ে আছে। সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মোল্লা জানান, এ ঘটনায় সুমাইয়ার বড় বোন শানু বেগম বাদী হয়ে আমিনুলকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, যৌতুক না পেয়ে সুমাইয়াকে পিটিয়ে ও শরীরে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে।