যৌতুক না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ
কুমিল্লায় যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন নাছিমা আক্তার (২৮) নামের একজন গৃহবধূকে পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে সদর দক্ষিণ উপজেলার কালিকাপুরসংলগ্ন দক্ষিণ বড়তুলা গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় নাছিমা আক্তারের চাচা আবদুল মোতালেব বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় হত্যা মামলা করেছেন।পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ২০০৪ সালে উপজেলার দক্ষিণ বড়তুলা গ্রামের সামছুল আলমের সঙ্গে রায়পুর গ্রামের নাছিমা আক্তারের বিয়ে হয়। পরে সামছুল আলম সৌদি আরব চলে যান। বিয়ের পর এক লাখ টাকা যৌতুকের দাবিতে নাছিমাকে বিভিন্ন সময় শ্বশুরবাড়ির লোকজন মারধর করত। নাছিমার স্বামীও সৌদি আরব থেকে যৌতুকের টাকা দেওয়ার জন্য তাঁকে চাপ দেন। শনিবার দিবাগত রাতে শ্বশুরবাড়ির লোকজন নাছিমাকে হত্যার পর কেরোসিন ঢেলে মৃতদেহ পুড়িয়ে দেয়। খবর পেয়ে রোববার সকাল ১০টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নাছিমার চাচা আবদুল মোতালেব রোববার রাতে হত্যা মামলা করেন। সদর দক্ষিণ থানার উপপরিদর্শক আকুল চন্দ্র বিশ্বাস বলেন, নাছিমার পুরো শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শরীরে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে। হত্যাকাণ্ডের পর আগুন দেওয়া হয়েছে, নাকি আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া জানা সম্ভব নয়। তবে পরিকল্পিতভাবে নাছিমাকে হত্যা করা হয়েছে, তা অনেকটা নিশ্চিত।