যৌতুক না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে যৌতুক না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন নাদিরা বেগম (২২) নামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে সদর উপজেলার কসবাপীরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নাটোর সদর থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত শাশুড়িকে গতকাল রোববার গ্রেপ্তার করেছে। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ওই দিন রাত আটটার দিকে স্বামী ইসমাইল হোসেনসহ শ্বশুরবাড়ির অন্য লোকজন ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে নাদিরা বেগমের ওপর নির্যাতন চালান। একপর্যায়ে তাঁরা রশি দিয়ে বেঁধে শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শনিবার ভোরে নাদিরার মৃত্যু হয়।