যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের ঘড়িয়ালা গ্রামে শিরিন আক্তার (১৮) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল শনিবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শিরিনকে হত্যা করেন। এ ঘটনায় গৃহবধূর মা বাদী হয়ে শিরিনের স্বামী আজিজুল হক (২৮) ও নানিশাশুড়ি হাজেরা বেগমকে আসামি করে গতকাল দৌলতপুর থানায় হত্যা মামলা করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে ঘড়িয়ালা গ্রামের আবদুল বারেকের ছেলে মো. আজিজুল হকের সঙ্গে একই উপজেলার পাঁচকলিয়া গ্রামের লিয়াকত আলীর মেয়ে শিরিন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য প্রায়ই শিরিনকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মারধর করতেন। মেয়ের নির্যাতন সহ্য করতে না পেরে বছর খানেক আগে আজিজুলকে দেড় লাখ টাকা দেওয়া হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, সম্প্রতি আজিজুল আরও এক লাখ টাকার জন্য শিরিনকে চাপ দেন। টাকা দিতে রাজি না হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই তাঁকে মারধর করতেন। গত শুক্রবার রাত ১০টার দিকে আজিজুল ও তাঁর নানি হাজেরা বেগম শিরিনকে মারধর করেন। একপর্যায়ে রাতেই তাঁকে শ্বাসরোধে হত্যা করেন তাঁরা। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম বলেন, খবর পেয়ে পুলিশ গতকাল দুপুর ১২টার দিকে শ্বশুরবাড়ি থেকে শিরিনের লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওই গৃহবধূর গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও আজিজুল বা তাঁর বাড়ির কাউকে পাওয়া যায়নি।