যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ
ঝালকাঠিতে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনে হাসিনা বেগম (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত হাসিনা বেগমের বাবা আলী আকবর গত সোমবার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নালিশি মামলা করেছেন। আদালতের বিচারক নুসরাত জাহান ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।মামলায় নিহতের স্বামী শাহ আলম, শাশুড়ি ফাতেমা বেগম, দেবর শাহ আলী ও শাহিন এবং ননদ নিলুফাকে আসামি করা হয়। বাদী জানান, ঝালকাঠি সদর উপজেলার দক্ষিণ মানপাশা গ্রামের শাহ আলমের সঙ্গে তাঁর মেয়ে হাসিনা বেগমের বিয়ে হয়। তিনি অভিযোগ করেন, বিয়ের পর ব্যবসা করার কথা বলে শাহ আলম হাসিনার কাছে দুই লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে তিনি হাসিনাকে নির্যাতন শুরু করেন। সম্প্রতি স্বামী, শাশুড়ি, ননদ ও দেবর হাসিনাকে যৌতুকের টাকার জন্য চাপ দেন। টাকা না দেওয়ায় গত ২৮ জুন তাঁরা পরিকল্পিতভাবে হাসিনাকে নির্যাতন চালিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দেন এবং ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন।তবে শাহ আলম বলেন, ‘সামান্য কথা-কাটাকাটির একপর্যায়ে হাসিনা ঘরে ঢুকে কীটনাশক পানে আত্মহত্যা করেছে।’ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, হাসিনার মৃত্যুর ঘটনায় ইতিপূর্বে একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছিল। আদালতের নির্দেশ অনুযায়ী অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে দুটি মামলা একত্রে তদন্ত করা হবে।