যৌতুক না পেয়ে দুই গৃহবধূকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা ও বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁদের পরিবারের সদস্যদের অভিযোগ, যৌতুক না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন জোর করে বিষ খাইয়ে তাঁদের হত্যা করেছে।নিহত গৃহবূধরা হলেন রূপসার আইচগাতী গ্রামের আবুল হাসান শেখের মেয়ে টুকটুকি (১৮) ও আগৈলঝাড়ার কাঠিরা গ্রামের জগদীশ হালদারের মেয়ে চৈতি হালদার (১৮)। খুলনা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে বিষ খেয়েছে বলে শ্বশুরবাড়ির লোকজন টুকটুকিকে হাসপাতালে ভর্তি করান। ভর্তির পরপরই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়।পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর আগে রূপসার নিকলাপুর গ্রামের শাজাহান মল্লিকের ছেলে মনিরুল মল্লিকের সঙ্গে টুকটুকির বিয়ে হয়। বিয়ের পর প্রায়ই শ্বশুরবাড়ি থেকে তাঁকে যৌতুকের জন্য চাপ দেওয়া হতো।টুকটুকির বাবা আবুল হাসান বলেন, ‘ঘটনার দিন সকালে টুকটুকি ওর বাচ্চা নিয়া আমাগো বাড়িতে আসে। কয়েক দিন ধইরা ঘর তুলবে বইলা বাপের বাড়ি থেইক্যা ১০ হাজার টাহা আইনা দিবার জন্য ওরা আমার মেয়েরে মারধর করে। আমি গরিব মানুষ, টাহা কই পাবো? তাই বুঝাইয়া শোনাইয়া মেয়েরে দিয়া আসার জন্য ওর মায়েরে ওই বাড়িতে পাঠাইছিলাম। টাহার জন্য ওরা আমার মেয়েরে মাইরে ফেলাইছে।’এ ঘটনায় টুকটুকির মা রোজিনা বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্বশুর শাজাহান মল্লিক, শাশুড়ি নাজমা বেগম ও স্বামী মনিরুল মল্লিকের বিরুদ্ধে গতকাল শনিবার রাতে রূপসা থানায় মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা রূপসা স্ট্যান্ড ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আইয়ুব আলী জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।আগৈলঝাড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, নয় মাস আগে উপজেলার হানুহার গ্রামের গোবিন্দ মণ্ডলের ছেলে গৌরাঙ্গ মণ্ডলের সঙ্গে চৈতির বিয়ে হয়।চৈতির ভাই দিনমজুর ভব হালদার জানান, পাঁচ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা দেওয়ার শর্তে চৈতির বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় আংশিক স্বর্ণালংকার ও টাকা দেওয়া হয়। অভাবের সংসারের কারণে বাকি অলংকার ও টাকা দিতে না পারায় প্রায়ই চৈতিকে মারধর করে বাড়ি থেকে বের করে দিত তাঁর শ্বশুরবাড়ির লোকজন। গত শুক্রবার সকালে তাঁরা ৫০ হাজার টাকা নিয়ে আসার জন্য চৈতির ওপর চাপ সৃষ্টি করে। তাঁদের কথামতো কাজ না করায় চৈতির ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। একপর্যায়ে চৈতি অচেতন হয়ে পড়লে তাঁর মুখে বিষ ঢেলে দেওয়া হয়। পরে তাঁকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আগৈলঝাড়া থানার এসআই মাহবুব জানান, চৈতির মৃত্যুর ঘটনায় এখনো মামলা হয়নি। তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।