যৌতুক না পেয়ে নির্মম নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে যৌতুক না পেয়ে রুবিনা বেগম (২৫) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর দুটি দাঁত উপড়ে ফেলা হয়েছে এবং শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়েছে। উপজেলার কালাইয়া ইউনিয়নের কালাইয়া বন্দরে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।স্থানীয় লোকজন ও গৃহবধূর পরিবারের সূত্রে জানা গেছে, উপজেলার দাশপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোসা. তহমিনা বেগমের ছেলে আবদুল আজিজের (৩২) সঙ্গে ২০০৭ সালে কালাইয়া ইউনিয়নের শাহজাহান চৌকিদারের মেয়ে রুবিনা বেগমের বিয়ে হয়। বিয়ের সময় আবদুল আজিজকে স্বর্ণালংকার, আসবাবপত্রসহ আড়াই লাখ টাকার মালামাল দেওয়া হয়। তিন বছর পর ব্যবসার নামে রুবিনার কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন আবদুল আজিজ। অপারগতা প্রকাশ করলে তাঁর ওপর শুরু হয় নির্যাতন। প্রায় দেড় বছর আগে তিনি আজিজের বিরুদ্ধে আদালতে মামলা করেন। তখন আজিজকে ৫০ হাজার টাকা দিয়ে স্থানীয়ভাবে আপস করে মামলা তুলে আবার স্বামীর ঘরে ফিরে যান রুবিনা।কিছুদিন স্বামীর সংসারে ভালো থাকলেও রুবিনার কাছে পুনরায় এক লাখ টাকা যৌতুক দাবি করেন আবদুল আজিজ। টাকা দিতে রাজি না হওয়ায় গত শুক্রবার রাত আটটার দিকে আবদুল আজিজ, তহমিনা বেগমসহ কয়েকজন মিলে তাঁকে নির্যাতন করেন। কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে থেঁতলে দেওয়া হয় তাঁর শরীরের বিভিন্ন অংশ। একপর্যায়ে রুবিনার মুখের দুটি দাঁত উপড়ে যায়। অজ্ঞান অবস্থায় তাঁকে ঘরের মধ্যে আটকে রাখা হয়। জ্ঞান ফিরলে গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে রুবিনা পালিয়ে তাঁর এক আত্মীয়ের বাড়িতে গিয়ে ওঠেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে আবদুল আজিজের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর বাবা মো. খলিলুর রহমান বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে তিনি ও তাঁর স্ত্রী জড়িত নন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।