যৌতুক না পেয়ে স্ত্রীকে এসিড নিক্ষেপ!
টাঙ্গাইলের সখীপুরে স্বামীর ছোড়া এসিডে সুফিয়া আক্তার (২৫) নামের এক গৃহবধূর হাত ঝলসে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বামী মোশারফ হোসেন যৌতুক চেয়ে না পেয়ে নির্যাতনের একপর্যায়ে এসিড নিক্ষেপ করেছেন বলে জানা গেছে। গৃহবধূকে গতকাল শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মাত্র পাঁচ মাস আগে সুফিয়ার সঙ্গে উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিদাস গ্রামের সোহরাব হোসেনের ছেলে মোশারফের বিয়ে হয়। এর পর থেকেই মোশারফ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিলেন। এ জন্য সুফিয়াকে বিভিন্ন সময় নির্যাতনও করা হয়। গতকাল যৌতুকের দাবিতে আবারও সুফিয়াকে মারধর শুরু করেন মোশারফ। একপর্যায়ে সুফিয়ার গায়ে কিছু একটা নিক্ষেপ করে বাড়ি থেকে পালিয়ে যান তিনি। এতে গৃহবধূর বাঁ হাত ঝলসে যায়। গৃহবধূর বাবা জয়নাল আবেদীন অভিযোগ করেন, মোশারফ মাঝেমধ্যেই তাঁর মেয়েকে মারধর করতেন। গত ২৯ জুনও যৌতুকের দাবিতে তাঁর মেয়ের মুখে মরিচের গুঁড়া ও লবণ মাখিয়ে দিয়ে নির্যাতন চালান মোশারফ। তখনো সুফিয়া সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দিন ভর্তি ছিলেন। এবার তাঁর মেয়েকে মোশারফ এসিড মেরেছেন বলে দাবি করেন জয়নাল আবেদীন। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুর রহমান বলেন, সুফিয়ার গায়ে নিক্ষেপ করা পদার্থ এসিড-জাতীয় কিছু হতে পারে। তবে নিশ্চিত হতে নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হবে। সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে মোশারফের বাবা সোহরাব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মোশারফ পালিয়েছে। মেয়ের বাবা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।