যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় যৌতুক না পেয়ে রিনি খাতুন (১৬) নামের এক গৃহবধূকে তার স্বামী নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালে রিনির সঙ্গে কথা বলে জানা গেছে, এক বছর আগে গোবিন্দপুর গ্রামের রবজেলের ছেলে সবুরের সঙ্গে রিনির বিয়ে হয়। বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। যৌতুকের জন্য সবুর তাকে প্রায়ই গালমন্দ ও মারধর করতেন। সবুর পেশায় ট্রলিশ্রমিক হলেও বেশির ভাগ সময় তিনি জুয়া খেলতেন এবং গাঁজা সেবন করতেন। গত সোমবার সকালে সবুর যৌতুকের পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য রিনিকে চাপ দেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি তার গলায় রশি দিয়ে চেপে ধরেন। এ সময় প্রতিবেশীরা তাকে রক্ষা করেন। বেলা তিনটার দিকে বাড়িতে রান্না করছিল রিনি। তখন সবুর রান্না করা গরম তরকারি তাঁর গায়ে ঢেলে দেন। এতে তাঁর পিঠসহ বাম হাতের ওপরের অংশ ঝলসে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘মৌখিকভাবে বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’