যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে ঘরছাড়া
বিভিন্ন সময় ১৭ লাখ টাকা যৌতুক নিয়েছিলেন স্বামী। একসঙ্গে আরও তিন লাখ টাকা দাবি করে না পেয়ে স্ত্রীকে পিটিয়ে ঘর থেকে বের করে দিয়েছেন। বরিশাল নগরের মুসলিম কবরস্থান সড়ক এলাকায় এ ঘটনা ঘটেছে।এ ঘটনায় স্ত্রী শারমিন জাহান ওরফে সুমি তাঁর স্বামী লিয়াকত শাহরিয়ার খান ওরফে রাসেলের বিরুদ্ধে নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন। তবে গতকাল মঙ্গলবার পর্যন্ত লিয়াকতকে গ্রেপ্তার করা হয়নি।গত ৩০ নভেম্বর বরিশাল কোতোয়ালি মডেল থানায় করা ওই মামলার অন্য আসামিরা হলেন—লিয়াকতের দুই ভাই ফয়সাল আজগর ওরফে রিগ্যান, ফেরদাউস আরমান ওরফে মুন্না এবং গাড়িচালক রাজু হাওলাদার।মামলার এজাহার সূত্রে জানা যায়, লিয়াকত বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন। নির্যাতন সইতে না পেরে শারমিন তাঁর বাবার বাড়ি থেকে ১৩ ভরি স্বর্ণ এবং দুই লাখ টাকা এনে দেন। কিন্তু নির্যাতন থামেনি। শারমিন বাধ্য হয়ে তাঁর দুই খালুর কাছ থেকে আরও ১৭ লাখ টাকা এনে দেন। এরপর গত ২৪ অক্টোবর শারমিনের পরিবারের কাছে আরও তিন লাখ টাকা দাবি করে লিয়াকত। শারমিন অভিযোগ করেন, তিনি এবার টাকা দিতে অপারগতা জানালে নির্যাতন করে ছোট মেয়েসহ তাঁকে বাড়ি থেকে বের করে দেন লিয়াকত। গত ১৩ নভেম্বর বড় মেয়ে মেহজাবিনকে আনতে গেলে পুনরায় তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে একটি কক্ষে আটকে রাখেন। সংবাদ পেয়ে শারমিন জাহানের বাবা ও ভাই ওই বাড়িতে গেলে তাঁদেরও মারধর করা হয়। শারমিন বলেন, ‘১৯৯৯ সালে আমাদের বিয়ে হয়েছে। সন্তানদের কথা ভেবে এত দিন সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু এবার বাধ্য হয়ে আমি মামলা করেছি।’পুলিশ জানিয়েছে, লিয়াকতের বিরুদ্ধে ভুয়া সার্টিফিকেট ব্যবহারের অভিযোগে তিনটি, লোহার সেতু চুরির অভিযোগে দুটি এবং চেক জালিয়াতির অভিযোগে তিনটি মামলাসহ মোট আটটি মামলা আছে। জরুরি অবস্থার সময়ও তিনি গ্রেপ্তার হয়েছিলেন।তবে লিয়াকত তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমি যৌতুক চাইনি, নির্যাতনও করিনি। আর আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দুটি মামলা ছিল। এক-এগারোর সময় আমি গ্রেপ্তার হই এবং আমাকে রিমান্ডে নেওয়া হয়েছিল।’এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘স্ত্রীকে নির্যাতন এবং যৌতুকের দাবির অভিযোগে লিয়াকতের বিরুদ্ধে মামলাটির তদন্ত চলছে। অন্য অভিযোগগুলোও খতিয়ে দেখা হচ্ছে।’