যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে জখম
যৌতুক দাবি করে না পাওয়ায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুয়াগাঁতী চরপাড়া গ্রামের গৃহবধূ ফাতেমা খাতুনকে স্বামী বাহাজ উদ্দিন ও তাঁর স্বজনেরা গত শুক্রবার পিটিয়ে গুরুতর আহত করেছেন। তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফাতেমার বড় ভাই আবদুল কাদের শনিবার বিকেলে উল্লাপাড়া প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, প্রায় ২০ বছর আগে বাহাজ উদ্দিনের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। মাস তিনেক আগে বাহাজ ও তাঁর কয়েকজন স্বজন ফাতেমার কাছে আরও ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। এ ঘটনায় ফাতেমা স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেন। এই মামলায় বাহাজ জামিন পেয়ে শুক্রবার ফের ফাতেমার কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। ফাতেমা এতে অপারগতা প্রকাশ করলে ওই রাতে বাহাজ তাঁর স্বজনদের নিয়ে ফাতেমাকে বেদম মারধর করে। তাঁদের লাঠির আঘাতে ফাতেমার মাথা ফেটে গেছে। আবদুল কাদের জানান, এ ঘটনায় আদালতে মামলা করার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে বাহাজ উদ্দিনের বক্তব্য জানতে গতকাল রোববার তাঁর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।