যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা!
রংপুরে যৌতুকের জন্য জিন্নাত আরা (২০) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের ধাপ চিকলিভাটা এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে জিন্নাত আরার স্বামী মোমিনুর রহমান পলাতক। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দুই বছর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী শহরের ধাপ চিকলিভাটা এলাকার বাসিন্দা আবদুল জলিলের মেয়ে জিন্নাত আরার সঙ্গে একই এলাকার মোমিনুর রহমানের বিয়ে হয়। তাঁদের একটি দেড় বছরের কন্যাসন্তান রয়েছে। আবদুল জলিল অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মোমিনুর তাঁর মেয়েকে নির্যাতন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত সোমবার দিবাগত রাতে মোমিনুর তাঁর মেয়েকে পেটান। দিবাগত রাত দুইটার দিকে তাঁর মেয়ে মুঠোফোনে তাঁকে বিষয়টি জানান। এরপর সকালে খবর আসে, জিন্নাত আরা মারা গেছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোকতারুর রহমান বলেন, লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিন্নাত আরার মা বিউটি বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। গতকাল বিকেলে ময়নাতদন্ত শেষে জিন্নাত আরার লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।