যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা!
নরসিংদীর রায়পুরা উপজেলায় গতকাল মঙ্গলবার স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, দাবি অনুযায়ী স্বামীকে যৌতুক এনে দিতে না পারায় উপজেলার তাত্ত্বাকান্দা গ্রামের মতিউর রহমান (৩০) গত সোমবার রাতে স্ত্রী মনিরা আক্তারকে (২১) শ্বাসরোধে হত্যা করেন।নিহত মনিরার পরিবারিক সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৬ মে তাত্ত্বাকান্দা গ্রামের মতিউর রহমানের সঙ্গে একই উপজেলার মহেষপুর ইউনিয়নের মনিরা আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় বরের পক্ষ থেকে এক লাখ টাকা যৌতুক দাবি করা হয়। কনের পক্ষ ওই দাবি পূরণ করে। এরপর মতিউর বিদেশ যাওয়ার নাম করে আবার দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। এর জন্য মনিরার ওপর নির্যাতন চলানো হয়। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মতিউর মনিরাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন। এ ব্যাপারে গতকাল মনিরার বাবা বাদী হয়ে রায়পুরা থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে শ্বশুরবাড়ি থেকে মনিরার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামলার আসামি মতিউরের মা রহিমা বেগমকে (৪৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মনিরার বাবা ছিদ্দিকুর রহমান জানান, ‘বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে আমি তাদের দাবি করা এক লাখ টাকা যৌতুক দিয়েছি। কিন্তু মতিউর বিদেশ যাওয়ার নাম করে আবার দুই লাখ টাকা দাবি করে। এ টাকা দিতে না পারায় আমার মেয়েকে তারা গলা টিপে হত্যা করেছে।’