যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা স্বামী আটক
যৌতুক না পেয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে গত বুধবার রাতে রাবেয়া খাতুন (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার সকালে স্বামী শামছুদ্দিন হাওলাদারকে (৩০) পুলিশ আটক করেছে।এ নিয়ে নিহত ব্যক্তির বড় ভাই মনির হোসেন হাওলাদার বাদী হয়ে চারজনকে আসামি করে রায়পুর থানায় মামলা করেন। হাজীমারা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে গতকাল সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।নিহত ব্যক্তির ভাই চরকাছিয়া গ্রামের হাওলাদার বাড়ির মনির হোসেন হাওলাদার জানান, তাঁর ছোট বোন রাবেয়ার সঙ্গে প্রায় পাঁচ বছর আগে একই বাড়ির শামছুদ্দিনের বিয়ে হয়। এর পর থেকে কারণে-অকারণে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী। কয়েক মাস আগে বাবার বাড়ি থেকে ৪০ হাজার টাকা যৌতুক এনে দিতে বলেন। একপর্যায়ে তিনি নিরুপায় হয়ে তাঁর স্বামীকে পাঁচ হাজার টাকা ও একটি গরু নিয়ে দেন। সর্বশেষ বুধবার সন্ধ্যায় আবারও তাঁকে টাকা এনে দেওয়ার কথা বললে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে রাত ১২টার দিকে রাবেয়াকে গলা টিপে হত্যা করে পাশের খালে ফেলে দেন। তাঁদের সংসারে শামছুন্নাহার (৩) নামের এক মেয়ে রয়েছে।