যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ
বরগুনা শহরে যৌতুক না পেয়ে খাদিজা আক্তার নামের এক গৃহবধূকে তাঁর স্বামী নির্যাতনের পর হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার শহরের ডিকোপি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।খাদিজা আক্তারের পরিবার সূত্রে জানা গেছে, ১৮ বছর আগে পাথরঘাটা উপজেলার বেতমোড় গ্রামের নুরুল হকের মেয়ে খাদিজার সঙ্গে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেচকি গ্রামের পান্না মিয়ার ছেলে সফিকুল ইসলামের বিয়ে হয়। পরে তাঁদের ঘরে তিনটি সন্তানের জন্ম হয়। প্রবাসে চাকরি শেষে ছয়-সাত বছর আগে দেশে ফেরেন সফিকুল। এরপর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন এবং পর্যায়ক্রমে আরও ছয়টি বিয়ে করেন। এর পরও সন্তানদের মুখের দিকে তাকিয়ে স্বামীর সংসার ত্যাগ করেননি খাদিজা। সম্প্রতি সফিকুলের ছোট স্ত্রী যৌতুক নিরোধ আইনে বরগুনার একটি আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। এরপর পাঁচ লাখ টাকা দেওয়ার শর্তে বাদী-বিবাদীপক্ষের আপস-মীমাংসার কথা চলছিল। সফিকুল খাদিজার পরিবারের কাছে ওই টাকা যৌতুক হিসেবে দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় সফিকুল প্রায়ই খাদিজাকে নির্যাতন করতেন।গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সফিকুল তাঁর তিন ছেলেকে বাইরে পাঠিয়ে দেন। এরপর খাদিজাকে মারধর শুরু করেন। খাদিজার দুই হাত পিঠমোড়া করে বেঁধে নির্যাতন করে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন সফিকুল। এ সময় খাদিজার নাক, মুখ ও কান দিয়ে ব্যাপক রক্তক্ষরণ হতে থাকে। একপর্যায়ে খাদিজা অচেতন হয়ে পড়লে মারা গেছে ভেবে সফিকুল ঘরের দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান। পরে তাঁদের সন্তানেরা এসে মায়ের অবস্থা দেখে চিৎকার দেয়। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে খাদিজাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে খাদিজাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল বিকেলে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমণি চাকমা বলেন, ঘটনাটি শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। সফিকুলকে আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।