যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া পৌর এলাকায় লিপি বেগম (১৬) নামের এক গৃহবধূকে কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। লিপি সিংড়া পৌর শহরের সরকারপাড়া মহল্লার সুমন আলীর স্ত্রী। সিংড়া থানা-পুলিশ বৃহস্পতিবার রাতে মরদেহ উদ্ধার করে গতকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠায়।সিংড়া থানা-পুলিশের ভাষ্যমতে, সাত-আট মাস আগে সুমন ও লিপি প্রেম করে বিয়ে করে। বিয়ের পর লিপি বেগম জানতে পারে, তার স্বামীর আরেক স্ত্রী ও একটি সন্তান রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে বাগিবতণ্ডা হয়। এরপর সুমন প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার জন্য দ্বিতীয় স্ত্রী লিপি বেগমের কাছ থেকে যৌতুক বাবদ এক লাখ টাকা দাবি করেন। এ টাকার জন্য বারবার চাপ দিতে থাকেন। এর একপর্যায়ে সুমন বৃহস্পতিবার রাতে লিপিকে জোর করে কীটনাশক খাইয়ে হত্যা করেন। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে সুমনসহ পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। সিংড়া থানার উপপরিদর্শক মাহবুবুর রহমান বলেন, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না। ঘটনার পর থেকে সুমন পলাতক রয়েছেন।