যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় যৌতুক না পেয়ে নিলুফা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ নিলুফার স্বামী আবদুল আলীমকে গ্রেপ্তার করেছে। নিলুফার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, প্রায় ছয় বছর আগে সদর উপজেলার মোশারফ খানের মেয়ে নিলুফার সঙ্গে একই উপজেলার চর জামালপুর গ্রামের আরশেদ আলীর ছেলে আবদুল আলীমের বিয়ে হয়। বিয়ের সময় শ্বশুরের কাছ থেকে যৌতুক হিসেবে নগদ টাকাসহ বিভিন্ন আসবাব নেন আলীম। বিয়ের এক বছর না যেতেই তিনি শ্বশুরের কাছ থেকে টাকা এনে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দিতেন। এতে অস্বীকৃতি জানানোয় আলীম নিলুফাকে শারীরিকভাবে নির্যাতনও করতে থাকেন।এরই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে লাঠি দিয়ে পেটান আলীম। নিলুফাকে গুরুতর আহত অবস্থায় তাঁর শ্বশুরবাড়ির লোকজন মানিকগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই নিলুফার শ্বশুরবাড়ির লোকজন লাশ বাড়ি নিয়ে যান। খবর পেয়ে গতকাল ভোরে নিলুফার স্বজনেরা ওই বাড়ি যান। এরপর তাঁরা বিষয়টি পুলিশকে জানান। সকালেই পুলিশ গিয়ে লাশটি উদ্ধার। সিঙ্গাইর থানার ওসি মো. লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিলুফার বাবা মোশারফ খান বাদী হয়ে মামলা করেছেন। আলীমকে গ্রেপ্তার করা হয়েছে।