যৌতুক না পেয়ে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার চকছাতিয়ানী গ্রামে যৌতুক না পেয়ে নির্যাতনের পর সীমা খাতুন (২০) নামের এক গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন স্বামী। হাসপাতালের বিছানায় শুয়ে ব্যথায় ছটফট করছেন স্ত্রী। পুলিশ এ ঘটনায় প্রধান অভিযুক্ত স্বামী নাহিদ হোসেনকে গ্রেপ্তার করেছে। সীমার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা পৌর এলাকার শালগাড়ী টিবি ক্লিনিক এলাকার সীমার সঙ্গে গত ১১ ফেব্রুয়ারি সদর উপজেলার চকছাতিয়ানী গ্রামের নাহিদ হোসেনের (৩৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই নাহিদ সীমার পরিবারের কাছে যৌতুক দাবি করে আসছিলেন। এক লাখ টাকা যৌতুক দিতে না পারায় গত শনিবার (১০ ডিসেম্বর) রাতে নাহিদ সীমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুনে তাঁর পিঠ ও হাত পুড়ে গেছে।গত মঙ্গলবার দুপুরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, সার্জিক্যাল ওয়ার্ডের শয্যায় ব্যথায় ছটফট করছেন সীমা। তাঁর পিঠের অর্ধেক ও বাঁ হাতের একাংশ পুড়ে গেছে। সীমা জানান, যৌতুকের টাকার জন্য প্রায় প্রতিদিনই স্বামী ও শাশুড়ি তাঁর ওপর নির্যাতন চালাতেন। ঠিকমতো খেতে দিতেন না। প্রায়ই তাঁকে না খেয়ে থাকতে হতো। ঘটনার দিন সন্ধ্যায় স্বামী ও শাশুড়ি যৌতুকের এক লাখ টাকা আনার তাগিদ দিয়ে সীমাকে মারধর শুরু করেন। একপর্যায়ে নাহিদ সীমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা উদ্ধার করে তাঁকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সীমার মা আছিয়া খানম বলেন, ‘টাকার জন্য ওরা আমার মেয়েটাকে পুড়িয়ে মারতে চেয়েছিল।’ পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন বলেন, ঘটনার পরদিন সীমার মা একটি মামলা করেছেন। এতে সীমার স্বামী নাহিদ হোসেন ও শাশুড়িকে আসামি করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পুলিশ নাহিদকে গ্রেপ্তার করেছে। অন্যজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।