যৌতুক না পেয়ে স্ত্রীর শরীরে সিগারেটের ছেঁকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কর্তন করে গায়ে জ্বলন্ত সিগারেটের ছেঁকা দিয়েছেন স্বামী। এভাবে নানা নির্যাতনের পর তাঁকে তালাকও দেওয়া হয়েছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এ অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হওয়ার পর স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।থানায় করা অভিযোগে বলা হয়েছে, মৌলভীবাজারের বড়লেখার রাঙ্গিনগর গ্রামের লুকু মিয়ার মেয়ে হ্যাপি বেগমের (১৮) সঙ্গে বিয়ানীবাজারের আকাখাজনা গ্রামের শরীফ হোসেনের (৩৫) গত ৬ এপ্রিল বিয়ে হয়। বিয়ের ১০-১২ দিন পর থেকেই স্বামী শরীফ ও তাঁর পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে হ্যাপির ওপর অত্যাচার শুরু করেন। হ্যাপির বাবা কুয়েতে এবং ভাই স্পেনে ছিলেন। তাই শরীফ তাঁকে স্পেনে পাঠানো, না হয় ছয় লাখ টাকা যৌতুক দেওয়ার দাবি করেন। এরপর শরীফকে দেড় লাখ টাকা দেওয়াও হয়েছে। কিন্তু এর পরও নির্যাতন থেমে থাকেনি। সর্বশেষ গত ৩০ মে দিবাগত রাতে শোবার ঘরে হ্যাপিকে শরীফ, তাঁর বোন সোফিয়া বেগম ও ভাবি রছনা বেগম মিলে নির্যাতন করেন। এ ছাড়া পরের দিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ঘরে বন্দী রেখে নির্যাতনের পাশাপাশি তাঁরা হ্যাপির চুল কেটে নেন এবং হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জ্বলন্ত সিগারেটের ছেঁকা দেন। পরে হ্যাপিকে তালাকও দিয়েছেন শরীফ।হ্যাপির মা রাহেনা বেগম অভিযোগ করে বলেন, ‘তারা আমার মেয়েকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে। আমরা এর উপযুক্ত বিচার চাই।’তবে গ্রেপ্তার হওয়া স্বামী শরীফ উদ্দিন দাবি করেন, বিয়ের পর হ্যাপির এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। ৩০ মে রাতে হ্যাপি সেই যুবকের সঙ্গে পালিয়ে যান। তাঁকে ওই রাতে সেই যুবকের বাড়ি থেকে ধরে আনা হয়। পরে একটি সালিস বৈঠকের মাধ্যমে তিনি হ্যাপিকে তালাক দেন। তবে গায়ে জ্বলন্ত সিগারেটের ছেঁকা দেওয়া ও চুল কেটে নেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।সালিস বৈঠকে উপস্থিত থাকা বিয়ানীবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ বলেন, ‘আমরা বৈঠকে সব শেষ করে এলাম। কিন্তু তাঁরা মেয়েটিকে এমনভাবে নির্যাতন করলেন। এটা চরম অন্যায়।’বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বলেন, ‘মেয়েটির পরিবারের পক্ষ থেকে মামলা করার পর পুলিশ প্রধান আসামি শরীফ হোসেন, সোফিয়া বেগম ও রছনা বেগম নামে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।’