যৌতুক না পেয়ে স্ত্রীর হাত-পা ভেঙে দিলেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের দাবি করে না পেয়ে স্ত্রীর হাত-পা ভেঙে দিয়েছেন এক স্বামী। ঘটনাটি ঘটেছে রংপুর সদর উপজেলার উত্তম ইউনিয়নের ছিট উত্তম গ্রামে। স্ত্রী আরজুমান আরা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে রংপুর সদরের বুড়িরহাট বাহাদুর সিংহ গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আরজুমান আরার সঙ্গে ছিট উত্তম গ্রামের শমসের আলীর ছেলে নূরুজ্জামানের বিয়ে হয়। আরজুমান অভিযোগ করেন, বিয়ের পর থেকে তাঁর স্বামী যৌতুকের দাবিতে নির্যাতন চালাতেন। গত সোমবার নূরুজ্জামান তাঁকে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা আনার জন্য চাপ দেন। এতে অস্বীকৃতি জানালে রড দিয়ে স্বামী হাত ও পায়ের হাড় ভেঙে দেন। হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান এম এ কাইয়ুম জানান, আরজুমানের ডান হাত ও দুই পায়ের হাড় ভেঙে গেছে। অবস্থা ভালো নয়। সুস্থ হয়ে উঠতে সময় লাগবে।আরজুমানের বড় ভাই মোজাম্মেল হক বলেন, তাঁর বোন সুস্থ হলে এ ব্যাপারে মামলা করবেন। রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী বলেন, বিষয়টি জেনেছি। তবে এ ঘটনায় কেউ মামলা করেনি। মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে তাঁর বক্তব্য জানতে গত বৃহস্পতিবার বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।