যৌতুক না পেয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলায় এক নববধূ খুন হয়েছেন। মাঝপাড়া ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মিন্দুর হোসেন (২৫) যৌতুক দাবি করে না পেয়ে গত শনিবার তাঁর স্ত্রী রিনা খাতুনকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আটঘরিয়া থানায় হত্যা মামলা হয়েছে।মামলার এজাহার থেকে জানা গেছে, গত বছরের জুন মাসে মিন্দুর হোসেনের সঙ্গে রিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মিন্দুর যৌতুকের টাকার জন্য রিনাকে মারধর করতেন। মেয়েকে বাঁচাতে রিনার বাবা বিয়ের তিন মাসের মধ্যে জামাইকে ৩০ হাজার টাকা দেন। এতেও খুশি না হয়ে মিন্দুর আরও ৫০ হাজার টাকা দাবি করেন। কিন্তু আর টাকা দিতে পারেননি রিনার বাবা।এলাকাবাসীর কেউ কেউ জানান, টাকার জন্য প্রতিদিনই রিনাকে মারতেন তাঁর স্বামী। গত শুক্রবার রাত থেকেই অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। শনিবার দুপুরে রিনাকে বেদম মারধর করে বাড়ি থেকে বের হয়ে যান মিন্দুর। এর কিছুক্ষণ পরই রিনার মৃত্যু হয়।নিহত রিনার বাবা নজরুল ইসলাম বলেন, ‘আমি গরিব মানুষ। তা-ও আরও টেকা জুগাড়ের চিষ্টা করতেছিলাম। কিন্তু দেরি সহ্য করবের না পারে ও আমার মিয়েডাক মারে ফেলাইচে।’ থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে পালাতক থাকায় এখনো মিন্দুরকে গ্রেপ্তার করা যায়নি।