যৌতুক না পেয়ে হাত-পায়ে জ্বলন্ত সিগারেটের ছেঁকা
রাজশাহীর মোহনপুরে যৌতুকের দাবিতে ও পারিবারিক বিরোধের জের ধরে দুই সন্তানের জননী এক গৃহবধূকে হাত, পা ও মুখ বেঁধে জ্বলন্ত সিগারেটের ছেঁকা দেওয়া হয়েছে। তাঁকে হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
এদিকে আহত গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৃহবধূর নাম জেসমিন বেগম (৩৫)। তাঁর স্বামী আবদুস সালামের বাড়ি উপজেলার ধুরইল নতুনপাড়া গ্রামে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওই গ্রামেই এ ঘটনা ঘটে। প্রায় ১৫ বছর আগে জেসমিনের সঙ্গে সালামের বিয়ে হয়। সংসারে তাঁদের দুই সন্তান রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সালাম প্রায়ই নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফেরেন। যৌতুকের দাবিতে তিনি স্ত্রীকে মারধর করতেন। টাকা আদায়ের ব্যাপারে সালামের বড় ভাই আফছার আলী, ভাবি ফাহিমা আক্তার মিলে সালামকে ইন্ধন জোগাতেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সালাম, তাঁর ভাই আফছার, ফাহিমাসহ অজ্ঞাতনামা আরও এক ব্যক্তি মিলে জেসমিনের হাত, পা ও মুখ বেঁধে হাতে এবং দুই পায়ে জ্বলন্ত সিগারেটের ছেঁকা দেন। গৃহবধূর চিৎকারে তাঁর ছেলে (১২) ঘুম থেকে জেগে ঘটনা দেখতে পায়। পরে সে স্থানীয় লোকজনকে খবর দিলে তাঁরা এসে জেসমিনকে উদ্ধার করেন।
মোহনপুর থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাহিমাকে (৪০) গ্রেপ্তার করে এবং আহতাবস্থায় গৃহবধূকে উদ্ধার করে। তিনি মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।