যৌতুক নিয়ে বিয়ের অনুষ্ঠানেই হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের টাকা না পাওয়ায় বিয়ের অনুষ্ঠানেই বরপক্ষ কনেপক্ষের ওপর হামলা চালিয়ে ১০ জনকে জখম করেছে। এর মধ্যে দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বলইবুনিয়া গ্রামের মো. জাহাঙ্গীর ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তিন মাস আগে জাহাঙ্গীরের মেয়ের সঙ্গে বরগুনার আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামের বাসিন্দা মো. আউয়াল খানের বিয়ের নিবন্ধন সম্পন্ন হয়। গত রোববার আনুষ্ঠানিকভাবে মেয়েকে শ্বশুরবাড়ি তুলে দেওয়া উপলক্ষে বলইবুনিয়ায় নিজ বাড়িতে প্রীতিভোজের আয়োজন করেন জাহাঙ্গীর।
জাহাঙ্গীরের ছোট ভাই মো. মাইনুল ইসলাম জানান, প্রীতিভোজ অনুষ্ঠানের নির্ধারিত সময়ের অনেক পরে রোববার বিকেল পাঁচটার দিকে ৮০ জনের বরযাত্রীর দল কনের বাবার বাড়িতে পৌঁছায়। এরপর তারা যৌতুক বাবদ ৫০ হাজার টাকা দাবি করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বরের বাবা মো. অলিল খানের নেতৃত্বে বরযাত্রীরা জ্বালানি কাঠ (লাকড়ি) দিয়ে কনেপক্ষের লোকজনকে মারধর শুরু করে। এতে নারীসহ ১০ জন আহত হন এবং ভোজসভা পণ্ড হয়ে যায়।
মাইনুল জানান, হামলায় আহত আবদুল হাই (৩০) ও মো. মজিবর মৃধাকে (৪০) চিকিৎসার জন্য রোববার রাতে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বরের বাবা মো. অলিল খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিয়েবাড়িতে মারামারির ঘটনা ঘটেছে। তবে কী কারণে মারামারি হয়েছে তা আমি জানি না।’
যৌতুক দাবি প্রসঙ্গে জানতে চাইলে অলিল বলেন, ‘আমরা কোনো যৌতুক দাবি করিনি। বিয়ের সময় কথা ছিল, মেয়ের বাবার পক্ষে যা যা দেওয়া সম্ভব তা দিলেই আমরা খুশি হব।’