যৌতুক প্রতিরোধে সম্পত্তিতে নারী-পুরুষের সম-অংশগ্রহণ নিশ্চিত করা, নারীর ক্ষমতায়ন বাড়ানো এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা প্রয়োজন। যৌতুকের সঙ্গে নারী নির্যাতনের সরাসরি সম্পর্ক থাকায় সমাজে বহুবিবাহ ও তালাক বাড়ছে। গতকাল সোমবার উন্নয়ন সহযোগী টিম (ইউএসটি) আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন।নগরের এলজিইডির আরডিইসি ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠানে হতদরিদ্রদের মধ্যে ক্রমবর্ধমান যৌতুকপ্রবণতা-বিষয়ক একটি গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করেন ইউএসটির সহযোগী গবেষক এস এম তোজাম্মেল হক।এতে বলা হয়, যৌতুকের টাকা সংগ্রহ করতে গিয়ে মেয়ের মা-বাবাকে বেসরকারি সংস্থার কাছ থেকে ঋণ নেওয়া, হাটবাজারে চাঁদা তোলা, ভিক্ষা করা, বসতভিটা বিক্রি করা, ১৫ থেকে শতভাগ হারের সুদে ধারদেনা করাসহ বিভিন্ন কৌশলের আশ্রয় নিতে হচ্ছে।নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কয়েকটি ইউনিয়নে এ গবেষণা চালানো হয়। এতে যৌতুক প্রতিরোধে স্থানীয়ভাবে ওয়ার্ড কমিটি গঠন, যৌতুক আইনের প্রয়োগ ও মনিটরিং ব্যবস্থা জোরদার করা এবং নারীদের আয়মূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সিঁড়ি নামের একটি বেসরকারি সংগঠনের সহায়তায় এ গবেষণাটি করা হয়েছে।অনুষ্ঠানের প্রধান অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, যৌতুক দেওয়া-নেওয়ার বিষয়টি নির্যাতনের পর্যায়ে না গেলে জানা যাচ্ছে না। এ কারণে মেয়ের সহ্যসীমা পার হয়ে পরিবার অতিষ্ঠ হয়ে উঠলেই কেবল আইনের আশ্রয় নেওয়া হচ্ছে।তিনি সম্পত্তিতে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা, নারীদের নিরাপত্তা দেওয়া এবং বিয়েই একমাত্র সমাধান নয়—বিষয়টিতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।বিশেষ অতিথি দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের দেশীয় পরিচালক বদিউল আলম মজুমদার বলেন, যৌতুক-সমস্যা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার বলেন, সমস্যা সমাধানে রাষ্ট্রীয়ভাবে নারীর অবদানকে স্বীকৃতি দেওয়া এবং সম্পত্তিতে সমতা আনতে হবে।অনুষ্ঠানে মুক্ত আলোচনায় ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা প্রতিনিধিরা যৌতুক প্রতিরোধে বিভিন্ন সুপারিশ করেন। এ পর্বের সঞ্চালক ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত বলেন, যৌতুক প্রতিরোধে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। আর এ সমস্যা সমাধানে স্থানীয় সরকারকে অবশ্যই অন্তর্ভুক্ত ও শক্তিশালী করতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএসটির চেয়ারম্যান হামিদুল হক।