যৌতুক মামলার আসামি পুলিশ স্বামীকে থানায় সোপর্দ করলেন স্ত্রী
যৌতুক মামলার আসামি স্বামী পুলিশ কনস্টেবল শাহীন মিয়াকে নিজেই আটক করে থানায় সোপর্দ করলেন স্ত্রী রিক্তা বেগম। বগুড়া শহরের সাতমাথা থেকে গত বৃহস্পতিবার শাহীনকে আটক করে সদর থানায় সোপর্দ করা হলেও পুলিশ বিষয়টি গোপন রাখে। রাতে বিষয়টি জানাজানি হলে গতকাল শুক্রবার শাহীনকে কারাগারে পাঠানো হয়।
শাহীন ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, জেলার সোনাতলা উপজেলার নামাজখালী গ্রামের আবদুস সালামের মেয়ে রিক্তাকে ছয় বছর আগে বিয়ে করেন একই উপজেলার হুয়াকুয়া গ্রামের পুলিশ কনস্টেবল শাহীন। এ দম্পতির দুটি সন্তান রয়েছে।
রিক্তা অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই দুই লাখ টাকা যৌতুক চেয়ে শাহীন তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করছিলেন। তিন মাস আগে যৌতুকের টাকা না পেয়ে দুই সন্তানসহ স্বামী তাঁকে বাবার বাড়িতে রেখে চলে যান। গত ৯ ফেব্রুয়ারি স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাবার বাড়িতে এসে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে বেদম মারধর করেন। পরে তিনি বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল থেকে চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে বগুড়ার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টেগেশন (পিআইবি)।
পিআইবির তদন্তকারী কর্মকর্তা সাকিউল আযম অভিযোগের সত্যতা পেয়ে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেন। দুই সপ্তাহ আগে আদালত থেকে শাহীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু পুলিশ তাঁকে গ্রেপ্তারে টালবাহানা করে। বৃহস্পতিবার ঢাকা থেকে বাসে করে সাতমাথায় নামেন শাহীন। আগে থেকে ওত পেতে থেকে তিনি তাঁকে ধরে সদর থানায় সোপর্দ করেন।
কারাগারে পাঠানোর আগে গতকাল সদর থানায় অভিযুক্ত শাহীন প্রথম আলোকে বলেন, তিনি নির্দোষ। স্ত্রীকে মারধর ও যৌতুক দাবির অভিযোগ সত্য নয়। তিনি ষড়যন্ত্রের শিকার।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী বলেন, স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় শাহীনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।