যৌতুক মামলায় স্বামীর যাবজ্জীবন শাশুড়ি ও ননদের কারাদণ্ড
ফরিদপুরে যৌতুকের দাবিতে সায়মা বেগম নামের এক গৃহবধূকে মারাত্মক জখম করার দায়ে স্বামীর অর্থদণ্ডসহ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং শাশুড়ি, ননদের অর্থদণ্ডসহ সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল সোমবার ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ মো. রফিকুল ইসলাম এ আদেশ দেন।
আদালত সায়মা বেগমের স্বামী ফরিদপুরের নগরকান্দা উপজেলার মুকুন্দপট্টি গ্রামের মনির শেখকে (২৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ওই গৃহবধূর শাশুড়ি জাহানারা বেগম (৪৫) ও ননদ ঝর্ণা বেগমকে (২৮) সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার এই টাকা নির্যাতিত গৃহবধূকে দেওয়ার আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে হাজির ছিলেন।
২০১২ সালের ২৯ জুলাই এক লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ সায়মা বেগমকে (২০) স্বামী, শাশুড়ি, ননদ পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন।