নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার জন্য যৌতুকবিরোধী আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। যৌতুকবিরোধী আন্দোলন সমাজের সব স্তরে ছড়িয়ে দিতে হবে। নারীর প্রতি সব ধরনের নির্যাতন ও নিপীড়ন বন্ধে সবাইকে সোচ্চার হতে হবে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে যৌতুকবিরোধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। আনজুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ চট্টগ্রাম জেলার উদ্যোগে এ সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নগর আনজুমানের সভাপতি মুহাম্মদ নুরুল হক। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিন। প্রধান বক্তা ছিলেন আনজুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশের চেয়ারম্যান আবুল কাশেম নূরী।
সমাবেশে বক্তারা বলেন, যুবকদের স্বাবলম্বী করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ম্যারেজ ফান্ড গঠন করা প্রয়োজন।
সমাবেশে আবুল কাশেম নূরী বলেন, যৌতুক দিতে না পারায় প্রতিদিন শত শত সংসার ভেঙে যাচ্ছে। নারীদের প্রতি এই অমানবিক নিপীড়ন থামাতে দায়িত্ববোধ থেকেই যৌতুকবিরোধী আন্দোলন চালানো হচ্ছে। উদ্বোধক এম এ মতিন বলেন, যৌতুক ও জঙ্গিবাদ এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যৌতুকের ব্যাধি থেকে নারীসমাজকে মুক্তি দিতে সামাজিক জাগরণ ও রাষ্ট্রীয় কঠোর পদক্ষেপ প্রয়োজন।
সমাবেশে ১২ দফা প্রস্তাব পাঠ করেন আনজুমানের কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ আবুল হোসেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহাবুবুল আলম, গোলামুর রহমান আশরফ শাহ, অধ্যাপক মাসুম চৌধুরী, সোলায়মান খান রব্বানী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, ইসলামী ফ্রন্ট নেতা নুরুল ইসলাম জাহেদী প্রমুখ। বিজ্ঞপ্তি।