যৌতুকের অভিযোগে স্ত্রীর মামলায় কারাগারে এএসপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে হাজির হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আনোয়ার হোসেন যশোর হাইওয়ে পুলিশে কর্মরত। গতকাল বুধবার আনোয়ার হোসেন বরিশাল মুখ্য মহানগর হাকিমের আদালতের বিচারক মাসুদুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি।

মামলায় অভিযোগ করা হয়, আনোয়ার হোসেন বরিশাল নগরের আলেকান্দা এলাকার বাসিন্দা। ২০১০ সালে নগরের সাগরদী এলাকার আবদুল কুদ্দুসের মেয়েকে বিয়ে করেন তিনি। এরপর বিভিন্ন সময় নগদ অর্থ চেয়ে স্ত্রীর ওপর নির্যাতন করতেন তিনি। গত ২৭ মার্চ মোটা অঙ্কের যৌতুক দাবি এবং স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। আনোয়ারের স্ত্রীর আইনজীবী জানান, তাঁর বিরুদ্ধে যৌতুকের মামলা করায় ক্ষিপ্ত হন তিনি। এর জের ধরে গত ২৭ এপ্রিল রাতে আনোয়ার স্ত্রীর বাবার বাড়িতে গিয়ে তাঁর গায়ে অ্যাসিড নিক্ষেপ করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা করেন তাঁর স্ত্রী।