যৌতুকের আগুন জাহানারার গায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের দাবিতে স্বামীর দেওয়া আগুনে জাহানারা খাতুন (২৮) নামের এক গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন। কুড়িগ্রাম সদর উপজেলার হোলখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী গ্রামে গত শনিবার এ ঘটনা ঘটে।
গতকাল সোমবার জাহানারার বাবা আছুর উদ্দিন কুড়িগ্রাম সদর থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, ১০ বছর আগে আরাজী পলাশবাড়ী গ্রামের আবদুল খালেকের (৩৮) সঙ্গে জাহানারার বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পর থেকেই স্বামী খালেক, শ্বশুর বাহাদুর আলী, শাশুড়ি মালেকা খাতুন যৌতুকের জন্য তাঁকে চাপ দিতে থাকেন। এক লাখ টাকা যৌতুকের দাবিতে শনিবার বেলা ১১টার দিকে তাঁরা জাহানারার হাত-পা বেঁধে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন। রোববার সন্ধ্যায় তাঁকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়।
কুড়িগ্রাম সদর হাসপাতালের চিকিৎসক আ ন ম গোলাম মোহাইমেন বলেন, আগুনে তাঁর শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।
গতকাল বাড়িতে গিয়ে শুধু রায়হান (৮) ও রাশেদ (৫) নামে তাঁদের দুই ছেলেকে পাওয়া যায়। রায়হান বলে, ‘বাবা প্রায়ই মা ও আমাদের মারধর করত। শনিবার দুপুরে দুই ভাই বাইরে থেকে এসে শুনি বাবা মায়ের গায়ে আগুন দিয়েছে।’
কুড়িগ্রাম সদর থানার এসআই রাজিফুর জামান বলেন, আসামিরা পলাতক রয়েছেন।