যৌতুকের আগুনে পুড়ল লিপি রানী দেব!
আগুনে দ্গ্ধ হয়ে লিপি রানী দেব (২১) নামের এক গৃহবধূ মারা গেছেন। এ ঘটনায় গৃহবধূর শ্বশুর-শাশুড়িকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের টেংরা গ্রামে।শনিবার সন্ধ্যায় গৃহবধূর বাপের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের রমাবল্লব গ্রামে তাঁর দাহক্রিয়া সম্পন্ন হয়েছে।পুলিশ ও গৃহবধূর বাবার বাড়ি সূত্রে জানা গেছে, গত শুক্রবার ভোর ছয়টার দিকে ঘরের বাথরুমে লিপি রানী দেব অগ্নিদগ্ধ হন। কেরোসিন ঢেলে তাঁর শরীরে আগুন লাগানো হয়েছিল। মুমূর্ষু অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কিন্তু উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পথে তিনি মারা যান। গত শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাঁর মৃতদেহ বাবার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের রমাবল্লব গ্রামে নিয়ে আসা হয়। এদিন সন্ধ্যায় তাঁর দাহকাজ সম্পন্ন হয়েছে।এদিকে লিপি রানী দেবের বড় ভাই মনোজ কুমার দেব গত শুক্রবার রাজনগর থানায় লিপি রানী দেবের শ্বশুর সমর দেব (৫৫), শাশুড়ি তাপসী দেব (৪৫) ও দেবর সত্য দেবকে (২০) আসামি করে একটি মামলা করেন। পুলিশ নিহত লিপি রানীর শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে। দেবর পলাতক রয়েছে। লিপি রানী দেবের বড় ভাই মনোজ কুমার দেব গত শনিবার বলেন, ‘আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যৌতুকের জন্য তার ওপর নির্যাতন করা হয়েছে। নির্যাতনের পর কেরোসিন ঢেলে আগুন লাগানো হয়েছে। বারবার তারা যৌতুক দাবি করেছে। কিন্তু আমার পক্ষে সব দাবি পূরণ করা সম্ভব হয়নি।’ রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজামউদ্দিন শনিবার রাতে বলেন, ‘এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। আসামি তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। নিহতের ভাই অভিযোগ করেছেন, মারধর করে তার বোনের গায়ে আগুন লাগানো হয়েছে।