যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন
রংপুরের তারাগঞ্জে যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ মারুফা বেগমকে (২৩) নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। মারুফা বর্তমানে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহজাহান বলেন, মারুফা চার দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা৷
মারুফা বেগম অভিযোগ করেন, স্বামীর এই নির্যাতনে তাঁর শ্বশুরবাড়ির লোকজন সহযোগিতা করেছেন। এ ব্যাপারে তিনি শ্বশুর-শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে তারাগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ওই গৃহবধূ থানায় আসার সঙ্গে সঙ্গে মামলা নেওয়া হয়েছে। মামলাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
তবে মুঠোফোনে আবু বক্কার বলেন, ‘কথা না শোনায় রাগ হয়ে মারুফাকে একটু মেরেছি। এখন বুঝতে পেরেছি, কাজটা ঠিক হয়নি।’
মারুফা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী গ্রামের তোবারক হোসেনের মেয়ে৷ তিন বছর আগে তারাগঞ্জ উপজেলার ভিমপুর গ্রামের সাইদুল হোসনের ছেলে আবু বক্কারের (২৭) সঙ্গে তাঁর বিয়ে হয়৷
এজাহারে উল্লেখ করা হয়, আবু বক্কার ও তাঁর পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে বিয়ের পর পর্যায়ক্রমে যৌতুক হিসেবে এক লাখ ২৫ হাজার টাকা ও ৩০ হাজার টাকার আসবাবপত্র দেওয়া হয়। চলতি বছরের এপ্রিল মাসে পাকা বাড়ি করার জন্য আবু বক্কার আবারও ৫০ হাজার টাকা চান। ৬ জুন সকালে মারুফাকে এ টাকা বাবার বাড়ি থেকে আনার জন্য চাপ দেন। এতে অস্বীকৃতি জানালে আবু বক্কার মারুফাকে বেদম পেটান। একপর্যায়ে মারুফা চেতনা হারিয়ে ফেলেন। ওই দিনই তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷