যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা
সোনাগাজীতে গতকাল রোববার দুপুরে স্বামীর বাড়িতে জিনিসপত্র দেওয়ার জন্য মায়ের সঙ্গে ঝগড়া করে নাজমা আক্তার (১৯) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ বাপের বাড়িতেই ঘরের মধ্যে আত্মহত্যা করেছেন। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোনাগাজী উপজেলার দক্ষিণ চর চান্দিয়া গ্রামের মফিজুল হকের মেয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা নাজমা আক্তার (১৯) গতকাল দুপুরে বাবার বাড়িতে ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। নাজমা আক্তারের বাবা মফিজুল হক অভিযোগ করেন, গত বছরের ডিসেম্বরে একই গ্রামের ভোলা মিয়ার ছেলে আবুল কাশেমের সঙ্গে তাঁর মেয়ে নাজমার বিয়ে হয়। নাজমা ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে কয়েক দিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন। আসার পর থেকে তিনি নিয়মিত তাঁর মায়ের সঙ্গে শ্বশুরবাড়িতে সম্মানজনকভাবে জিনিসপত্র দেওয়ার কথা বলতে থাকেন। তাঁকে শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই জিনিসপত্রের জন্য কটূক্তি করতেন। বলা হতো, জামাতাকে যথাযথ সমঞ্চান করা হয়নি। এসব কথা শুনতে তাঁর ভালো লাগত না। জামাতার সমঞ্চানের জন্য জিনিসপত্র দেওয়া না হলে শুধু গালমন্দ খাওয়ার জন্য নাজমা শ্বশুরবাড়ি যাবেন না। তাঁর মা জানান, আর্থিক অনটনের কারণে এ মুহূর্তে জামাতাকে সম্মান করা সম্ভব নয়। এ নিয়ে গতকাল সকালে নাজমা তাঁর মায়ের সঙ্গে ঝগড়া করেন। দুপুরে ঘরের আড়ার সঙ্গে নাইলনের দড়ি গলায় দিয়ে নাজমা আত্মহত্যা করেন। খবর পেয়ে সোনাগাজী থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নাজমা আক্তারের মামা সাহাব উদ্দিন বাদী হয়ে সোনাগাজী থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন গৃহবধূর আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।