যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা!
যৌতুকের দাবিতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করেছেন একজন পাষণ্ড স্বামী। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার চাচীতারা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বছর দু-এক আগে সাটুরিয়া উপজেলার চাচীতারা গ্রামের মৃত চান্দু শেখের মেয়ে আকলিমা আক্তারের (২২) সঙ্গে একই উপজেলার বেংরোয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে শাহিনুর আলমের বিয়ে হয়। কয়েক মাস ধরে শাহিনুর ৫০ হাজার টাকা যৌতুক দাবিতে অন্তঃসত্বা আকলিমাকে চাপ প্রয়োগ করে আসছিলেন। যৌতুকের টাকা না দেওয়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আকলিমাকে প্রায়ই মারধর করতেন। গত মঙ্গলবার অসুস্থ থাকায় আকলিমার মা রহিমা বেগমকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সন্ধ্যার পর শাহিনুর আকলিমার বাবার বাড়িতে যান। রাতে আকলিমা ও শাহিনুর একটি ঘরে এবং আকলিমার বড় বোন হাসমত আরা আরেকটি ঘরে ঘুমাতে যান। রাত তিনটার দিকে প্রকৃতির ডাকে হাসমত আরা ঘরের বাইরে বের হন। এ সময় বাড়ির উঠানে একটি আমগাছের সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো আকলিমাকে ঝুলতে দেখে ডাকচিৎকার দেন। পরে আশপাশের লোকজন এসে আকলিমার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। গতকাল বুধবার ভোরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. সওগাতুল আলম বলেন, আকলিমাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন আকলিমার মা রহিমা বেগম বলেন, ‘যৌতুকের ট্যাহার লেইগা পেরায় সময় আমার মায়্যাডারে শাহিন মারত। ট্যাকা না পাইয়া সে আমার মায়্যাডারে মাইর্যা ফ্যালাইছে। আমি অ্যার বিচার চাই।’ সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন বলেন, আকলিমা নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ব্যাপারে আকলিমার মামা আবদুর রহিম বাদী হয়ে শাহিনুর আলমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামি পলাতক। তবে তাঁকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।