যৌতুকের জন্য অন্তঃসত্ত্বাকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে যৌতুকের দাবিতে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ওপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।নির্যাতিত গৃহবধূ ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সিপাড়া গ্রামের জহুরুল হকের মেয়ে রুমি আক্তারের (২৮) সঙ্গে পাশের মেনানগর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে আবদুল আপেলের (৩২) আট বছর আগে বিয়ে হয়। জহুরুল হক জানান, আবদুল আপেল ও তাঁর পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে বিয়ের পর পর্যায়ক্রমে যৌতুক হিসাবে নগদ ৫০ হাজার টাকা এবং ৪০ হাজার টাকার আসবাব দেওয়া হয়। চলতি বছরের জুলাইয়ে ব্যবসা করার জন্য আপেল আবারও ৬০ হাজার টাকা চান। ৫ অক্টোবর সকালে রুমিকে ৬০ হাজার টাকা বাবার বাড়ি থেকে আনার জন্য চাপ দেন। এতে রুমি অস্বীকৃতি জানালে আপেল তাঁকে বেদম পেটান। একপর্যায়ে রুমি জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে তিনি (জহুরুল হক) রুমিকে উদ্ধার করে দুপুরে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ৯ অক্টোবর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রুমি বাবার বাড়ি ফিরেছেন। তিনি অভিযোগ করেন, স্বামীর এই নির্যাতনে শ্বশুরবাড়ির লোকজন সহযোগিতা করেছেন। এ ব্যাপারে রুমি তাঁর শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনের বিরুদ্ধে গত মঙ্গলবার বিকেলে থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত আবদুল আপেল মুঠোফোনে বলেন, ‘এখন ব্যস্ত আছি। এ নিয়ে পরে কথা বলব।’ তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মামলাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।