যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্বামীর পরিবারের চারজনকে আসামি করে মামলা করেছেন গৃহবধূর বাবা।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার মেনানগর গ্রামের এমদাদুল হকের মেয়ে রিংকি খাতুনের (২০) সঙ্গে পাশের সৈয়দপুর শিল্পপাড়া গ্রামের মৃত ছফুর উদ্দীনের ছেলে শাহিনুর ইসলামের (২৫) তিন মাস আগে বিয়ে হয়।
মামলার এজাহার, পুলিশ ও গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, শাহিনুর ও তাঁর পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে বিয়ের এক দিন আগে যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা দেওয়া হয়। চলতি মাসে পাকা ঘর নির্মাণ করার জন্য শাহিনুর আরও টাকা চান।
১৬ সেপ্টেম্বর বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দিতে রিংকিকে চাপ দেওয়া হয়। এতে রিংকি অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয়।
মারধরের একপর্যায়ে রিংকি জ্ঞান হারিয়ে ফেলেন। রিংকির বাবা লোকজনের কাছে মারধরের বিষয়টি জানতে পেরে ওই দিনই তাঁর মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রিংকি অভিযোগ করেন, স্বামীর এ নির্যাতনে তাঁর শ্বশুরবাড়ির লোকজন সহযোগিতা করেছেন।
এ ব্যাপারে এমদাদুল হক বাদী হয়ে চারজনকে আসামি করে তারাগঞ্জ থানায় মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
এ ব্যাপারে শাহিনুর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এখন ব্যস্ত আছি। এ নিয়ে পরে কথা বলব।’
শাহিনুরের ভাই তোজামেঞ্চল হোসেন বলেন, পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।