যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে রংপুরের পীরগাছা উপজেলায় খালেদা আক্তার (৩০) নামের এক গৃহবধূকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ভোরে সদর ইউনিয়নের অনন্তরাম মাছুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে খালেদার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ বছর আগে উপজেলার পারুল ইউনিয়নের অভিরাম গ্রামের আবদুল খালেকের মেয়ে খালেদা আক্তারের সঙ্গে মাছুয়াপাড়া গ্রামের মৃত আবির উদ্দিনের ছেলে আবদুর রহিমের বিয়ে হয়।

খালেদার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই রহিম যৌতুকের জন্য খালেদাকে নির্যাতন করে আসছিলেন। সম্প্রতি খালেদাকে তাঁর বাবার কাছ থেকে এক লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন রহিম। এতে অস্বীকৃতি জানানোয় গতকাল ভোর চারটার দিকে রহিম ও তাঁর পরিবারের সদস্যরা খালেদাকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে পালিয়ে যান।