যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের ছোট মঙ্গলগ্রাম গ্রামে যৌতুক না দেওয়ায় স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা গত শনিবার রেহানা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় নিহত রেহানা খাতুনের বড় ভাই এমদাদুল হক বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেহানার ভাশুর হাসেন আলীকে গ্রেপ্তার করেছে।মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই বছর আগে ছোট মঙ্গলগ্রামের হোসেন আলীর (৩৫) সঙ্গে আটঘরিয়া উপজেলার রানীগ্রাম গ্রামের রেহানা খাতুনের বিয়ে হয়। সম্প্রতি হোসেন আলী যৌতুক হিসেবে রেহানার পরিবারের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। রেহানার পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে হোসেন আলী রেহানার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। গত শনিবার সকাল সাতটার দিকে হোসেন আলী রেহানাকে তাঁর বাবার বাড়ি থেকে ২০ হাজার টাকা নিয়ে আসতে বলেন। কিন্তু রেহানা এতে রাজি না হওয়ায় হোসেন আলী ও তাঁর পরিবারের সদস্যরা রেহানাকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে বেলা ১১টার দিকে রেহানার বড় ভাই এমদাদুল হক হোসেন আলীর বাড়ি থেকে বোনকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে বিকেলে তাঁর মৃত্যু হয়।এমদাদুল হক বলেন, ‘বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামীর পরিবারের সদস্যরা আমার বোনের ওপর অত্যাচার করত। শেষ পর্যন্ত ওরা তাকে বাঁচতে দিল না।’আতাইকুলা থানার ওসি রবিউল হাসান বলেন, সুরতহাল প্রতিবেদনে রেহানার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ভাই এমদাদুল হক ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।