যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে যৌতুকের জন্য নার্গিস বেগম (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গত শুক্রবার উপজেলার মির্জাপুর দক্ষিণপাড়া গ্রামের নার্গিসের শ্বশুরবাড়ি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় নার্গিসের বড় ভাই খোকন শেখ বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেছেন। খোকন শেখ বলেন, তাঁদের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা এলাকায়। প্রায় ১০ মাস আগে মির্জাপুর দক্ষিণপাড়া গ্রামের হারান তরফদারের ছেলে সুলতান মাহমুদের (২৫) সঙ্গে নার্গিসের বিয়ে হয়। প্রায় এক মাস আগে থেকে সুলতান মাহমুদ ও তাঁর পরিবারের লোকজন ৫০ হাজার টাকা যৌতুক চেয়ে নার্গিসের ওপর চাপ দিয়ে আসছিল। শুক্রবার সন্ধ্যায় তাঁর পরিবারকে জানানো হয়, নার্গিস গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছেন। শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, নিহত ওই গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য গতকাল শনিবার লাশটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খোকন শেখ বাদী হয়ে নার্গিসের স্বামী, শ্বশুর, সৎশাশুড়ি ও দেবর আরিফুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই দিন রাতেই নার্গিসের সৎশাশুড়ি কল্পনা বেগমকে গ্রেপ্তার করা হয়। মামলার অপর আসামিরা আত্মগোপনে রয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।