যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল পৌরসভার পশ্চিম ছয়ানী টবগা গ্রামের ছাদেক আলী ব্যাপারীর বাড়িতে যৌতুকের জন্য গৃহবধূ হোসনেয়ারা বেগমকে (১৮) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে। গৃহবধূর পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌরসভার পশ্চিম ছয়ানী টবগা গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে হোসনেয়ারা বেগমের সঙ্গে একই গ্রামের শহিদ উল্যাহ্র ছেলে জুলফুর রহমানের তিন মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে হোসনেয়ারাকে শাশুড়ি হাজরা বেগম ও ভাশুর দিদার তিন লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন।এলাকাবাসী জানান, গত রোববার সন্ধ্যায় হোসনেয়ারার সঙ্গে তাঁর শাশুড়ি, ভাশুর এবং ভগিনী রুপনা ও স্বপনার সঙ্গে যৌতুক নিয়ে ঝগড়া শুরু হয়। রাত নয়টায় হোসনেয়ারাকে বেদম পিটুনি দিলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। রাত সাড়ে নয়টার দিকে হাজরা বেগম ও দিদার হোসনেয়ারাকে চাটখিল সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাতেই পুলিশ হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসে। এদিকে হোসনেয়ারার শ্বশুরবাড়ির লোকজন হোসনেয়ারা আত্মহত্যা করেছেন বলে প্রচার চালায়। গতকাল সোমবার সকালে ময়নাতদন্তের জন্য গৃহবধূ হোসনেয়ারার লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকে হাজরা বেগম, দিদার, রুপনা ও স্বপনা পলাতক রয়েছেন। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।