যৌতুকের জন্য গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের টাকা দাবি করে না পাওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল সোমবার ভোরে কামরুল হাসান (২৫) নামের এক ব্যক্তি শ্বশুরবাড়িতে তাঁর স্ত্রী সুমি বেগমকে (১৯) শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ কামরুলকে গ্রেপ্তার করেছে।
গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের প্রবাসী সুজা মিয়ার মেয়ে সুমি বেগমের সঙ্গে পাশের ধনবাড়ী উপজেলার বানিয়াজান গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে কামরুল হাসানের আট মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই কামরুল যৌতুকের জন্য স্ত্রীর ওপর নির্যাতন করেন। ঈদ উপলক্ষে কামরুল গত শুক্রবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। গতকাল ভোরে তিনি স্ত্রীর কাছে ২০ হাজার টাকা দাবি করেন। দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে কামরুল স্ত্রীর গলা চেপে ধরেন। এতে স্ত্রীর মৃত্যু হলে তিনি পালিয়ে যান।
গৃহবধূর মা মোর্শেদা বেগম কামরুল হাসানকে আসামি করে থানায় খুনের মামলা দায়ের করেন। কামরুলকে গতকাল গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মোর্শেদা জানান, তাঁর মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।