যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার লেমুয়া গ্রামে হনুফা আক্তার নামের এক গৃহবধূকে যৌতুকের জন্য নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্বশুর-শাশুড়িসহ চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পরিবার জানায়, বরগুনার তালতলী উপজেলার কবিরাজপাড়া গ্রামের রফেজ হাওলাদারের মেয়ে হনুফার (২০) সঙ্গে লেমুয়া গ্রামের মজিদ ফকিরের ছেলে আল-আমিনের এক বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য হনুফার ওপর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন শুরু করেন। দিনের পর দিন নির্যাতনে তিনি অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থতার কথা তাঁর বাবার বাড়ির কাউকে না জানিয়ে গোপনে চিকিৎসা করানো হয়। গত শুক্রবার রাতে স্বামীর বাড়িতে তিনি মারা যান।
মৃত্যুর খবর হনুফার বাবার বাড়ির কাউকে না জানিয়ে স্বামী আল-আমিন, শ্বশুর-শাশুড়িসহ বেশ কয়েকজন আত্মীয় গতকাল শনিবার সকালে লাশ তাঁর বাবার বাড়িতে নিয়ে যান। লাশ নিয়ে আসা শ্বশুরবাড়ির লোকজন জানান, আকস্মিকভাবে শুক্রবার রাতে হনুফার মৃত্যু হয়েছে। গৃহবধূর বাবার বাড়ির লোকজন মেয়ের লাশ দাফনের প্রস্তুতি নেন।
কিন্তু তাঁকে গোসল করানোর সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে গোসল করানোর কাজে নিয়োজিত নারীরা আঁতকে ওঠেন।
বিষয়টি তাঁরা পরিবারকে জানালে হনুফার বাবা থানায় খবর দেন। দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আল-আমিন সেখান থেকে পালিয়ে যান। তবে আল-আমিনের বাবা মজিদ ফকির, মা হালিমা বেগম, চাচাতো ভাই খলিল ফকির ও জলিল ফকিরকে পুলিশ গ্রেপ্তার করে।