যৌতুকের জন্য দুই গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের জন্য গত শনিবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় কমেলা বেগম (৪০) ও বেলকুচি উপজেলায় জাহানারা খাতুন (২৫) নামের দুই গৃহবধূকে তাঁদের স্বামীরা হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।শাহজাদপুর থানা ও নিহত গৃহবধূ কমেলার পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার নরিনা ইউনিয়নের জুংলিদহ গ্রামে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রহিম তাঁর প্রথম স্ত্রী কমেলার বাবার কাছে দীর্ঘদিন ধরে যৌতুক চেয়ে আসছিলেন। শনিবার রাত ১১টার দিকে যৌতুকের জন্য স্ত্রীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবদুর রহিম কমেলাকে পিটিয়ে মেরে ফেলেন। পরে বাড়ির পাশে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের ওপর লাশ রেখে আবদুর রহিম পালিয়ে যান। গতকাল সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন সরকার বলেন, লাশের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। এ ঘটনায় কমেলার ভাই রহুল আমিন বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আসামি আবদুর রহিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বেলকুচি থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের রয়নাপাড়া গ্রামে ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন পাবনার চাটমোহর উপজেলার মতজুল। তিনি তাঁর স্ত্রী জাহানারাকে যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করতেন। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে জাহানারাকে গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে মতজুল পালিয়ে যান। গতকাল সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।বেলকুচি থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় নিহত জাহানারার বাবা জামাল উদ্দীন বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মতজুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।