যৌতুকের জন্য নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় যৌতুকের জন্য নববধূর ওপর তাঁর স্বামী ও শাশুড়ি নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সেলিনা আক্তার (১৯) নামের ওই গৃহবধূ বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গত শুক্রবার সদর উপজেলার কুমড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।সেলিনা বলেন, ‘শুক্রবার সকালে সোহেলদের (স্বামী) বাড়িতে পৌঁছানোর পরেই সে বলে, “তোকে শেষ করার জন্য কৌশল করে আমার বাড়িতে এনেছি।” এরপর সোহেল ও তার মা প্রথমে আমাকে চেয়ারের পায়া দিয়ে পেটায়। আমি অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফিরলে গামছা দিয়ে আমার হাত-পা ও মুখ বেঁধে পুনরায় পেটাতে থাকে। আবার অজ্ঞান হয়ে যাই। দুপুরের পর আমার জ্ঞান ফিরে এলে দেখি, ঘরের একটি কক্ষে আমাকে আটকে রাখা হয়েছে। এরপর বাইরে এসে দেখি, ঘরে কেউ নেই। আমি জীবন বাঁচাতে ঘর থেকে বের হয়ে দৌড় দিই এবং কিছু দূরে একটি বাড়ি গিয়ে আমার জীবন বাঁচাতে বলি।’ শনিবার রাতে সেলিনার বোন শাহিনা আক্তার সোহেল, তাঁর মা রেখা বেগম ও মামা জসিম উদ্দীনকে আসামি করে বরগুনা থানায় মামলা করেন। পুলিশ ওই রাতেই জসিমকে গ্রেপ্তার করে।শাহিনা আক্তার জানান, পূর্বপরিচয়ের সূত্র ধরে গত জানুয়ারিতে পাথরঘাটা উপজেলার জ্ঞানপাড়া গ্রামের বারেক হাওলাদারের মেয়ে সেলিনার সঙ্গে বরগুনা সদর উপজেলার নাসির সিকদারের ছেলে সোহেলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সোহেল ও তাঁর পরিবারের সদস্যরা সেলিনার কাছে স্বর্ণালংকার, আসবাবসহ অন্যান্য মালামাল দাবি করতে থাকেন। নাম প্রকাশ না করার শর্তে সোহেলের বেশ কয়েকজন প্রতিবেশী জানান, সেলিনা বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর অবস্থা বেগতিক দেখে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তাঁরা। বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল মান্নান জানান, সেলিনার মাংসপেশি মারাত্মকভাবে জখম হয়েছে। এ কারণে কিডনিতে সমস্যা দেখা দিতে পারে। বরগুনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজিমুল হক প্রথম আলোকে বলেন, ‘সেলিনার ওপর যেভাবে নির্যাতন চালানো হয়েছে, সেটা খুবই অমানবিক। আমরা খবর পেয়ে অভিযুক্ত সোহেলের মামা ও মামলার আসামি জসিম উদ্দীনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চালাচ্ছি।’