যৌতুকের জন্য নির্যাতন গৃহবধূ হাসপাতালে
রাজবাড়ীর গোয়ালন্দে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার গৃহবধূ গত শনিবার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।গৃহবধূর পরিবারের সদস্য ও এলাকাবাসী জানায়, সাত বছর আগে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন কৃষক হাকিম আলী শেখের মেয়ে হালিমার সঙ্গে গোয়ালন্দ পৌর শহরের কলেজ-পাড়া গ্রামের আওলাদ মোল্যার ছেলে সেলিম মোল্যার বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাঁদের সংসারে একটি কন্যাসন্তান জন্ম নেয়। এর কিছুদিন পর বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য হালিমার ওপর স্বামী ও তাঁর পরিবারের লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। একসময় সেলিম মোল্যা মালয়েশিয়া যাওয়ার জন্য শ্বশুরবাড়ির কাছে এক লাখ টাকা দাবি করলে ৫০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু মালয়েশিয়ায় প্রায় চার বছর থাকার পর আড়াই মাস আগে তিনি দেশে ফেরেন। বিদেশ থেকে টাকা-পয়সা আনতে না পেরে সেলিম দেশে ফিরেই ব্যবসার জন্য পুনরায় শ্বশুরবাড়ি থেকে ৫০ হাজার টাকা আনতে স্ত্রীকে চাপ দেন।গতকাল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের বারান্দার বিছানায় শুয়ে কাতরাচ্ছেন হালিমা বেগম (২৭)। তিনি জানান, শনিবার সকালে স্বামী বাজারে যাওয়ার পর শাশুড়ি ৫০ হাজার টাকা নিয়ে তাঁর (হালিমা) সঙ্গে ঝগড়া শুরু করেন। স্বামী বাজার থেকে ফিরে তাঁকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন।এ সময় তিনি বলেন, ‘টাকা না আনলি তুই এই বাড়ি থেইকা চলে যাবি।’ এ সময় শাশুড়িও ছেলের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন হালিমা। এ সময় আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতলে ভর্তি করেন। এ ঘটনার পর থেকে সেলিম ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন।গোয়ালন্দ পৌর-সভার কাউন্সিলর ফজলুল হক বলেন, ‘সেলিম ও তাঁর মা মিলে প্রায়ই হালিমাকে মারধর করত। এ নিয়ে এলাকায় আমরা তিনবার সালিস বৈঠক করেছি। তার পরও মারধর থামেনি।’ এ ব্যাপারে বক্তব্য নিতে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এম তারিক বলেন, ‘হালিমার মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া সারা গায়ে আঘাতজনিত ফোলা ও জখমের চিহ্ন রয়েছে।’গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ‘আজ (সোমবার) নির্যাতনের শিকার গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের জন্য এসেছে। মামলা হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’