যৌতুকের জন্য পুত্রবধূকে জ্বলন্ত সিগারেটের ছেঁকা
রাঙ্গুনিয়ার বেতাগী এলাকার দশম শ্রেণীর ছাত্রী প্রিয়াঙ্কা নন্দীর সঙ্গে তিন মাস আগে অনেকটা জোর করে একই এলাকার বিপ্লব সেনের বিয়ে হয়েছিল। এরই মধ্যে যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুর-শাশুড়ি তাঁর ওপর নির্যাতন শুরু করেন। এমনকি তাঁর হাত ও বুকে জ্বলন্ত সিগারেট দিয়ে ছেঁকা দিয়েছেন শ্বশুর রঞ্জিত সেন। গত ১৭ জুলাই বেতাগীর শ্বশুরবাড়িতে প্রিয়াঙ্কার শরীরে সিগারেটের ছেঁকা দেওয়া হয়। এ ঘটনায় ২১ জুলাই প্রিয়াঙ্কা বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। মামলায় স্বামী ও শ্বশুর-শাশুড়িকে আসামি করা হয়। মামলার চার দিন পরও আসামিরা গ্রেপ্তার হননি। তাঁরা বিষয়টি সমঝোতা করার জন্য চাপ দিচ্ছেন। মামলায় প্রিয়াঙ্কা অভিযোগ করেন, সিগারেটের ছেঁকার কথা স্বামীকে জানানো হলে স্বামী ও শাশুড়ি তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।প্রিয়াঙ্কার পরিবার সূত্রে জানা গেছে, সিগারেটের ছেঁকার অসহ্য যন্ত্রণা নিয়ে রাঙ্গুনিয়া থেকে প্রিয়াঙ্কা চট্টগ্রাম নগরে আসেন। পরে ভাইয়ের সহযোগিতায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হন। এখনো তাঁর শরীরের ক্ষত শুকায়নি।নাম প্রকাশে অনিচ্ছুক ক্রাইসিস সেন্টারের চিকিৎ সকেরা জানান, ‘প্রিয়াঙ্কা হয় তো সুস্থ হয়ে যাবে। কিন্তু এই ক্ষত তাঁকে বয়ে বেড়াতে হবে। কারণ, এ ক্ষত মুছে যাবার নয়।’প্রিয়াঙ্কা প্রথম আলোকে সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘বিয়ের সপ্তাহ খানেক পর থেকে স্বামী বিপ্লব আমার বাবার বাড়ি থেকে এক লাখ টাকা, আসবাব ও পাঁচ ভরি স্বর্ণ এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। প্রথমে স্বামী এবং পরে শ্বশুর-শাশুড়ি আমাকে যখন-তখন মারধর করত। সর্বশেষ ১৭ জুলাই শ্বশুর আমাকে ঘরের আলনার সঙ্গে বেঁধে সিগারেট দিয়ে ছেঁকা দেয়। এ সময় স্বামী বিপ্লব পার্শ্ববর্তী বাজারে ছিল। পরে তিনি স্বামীকে বিষয়টি বললে সবাই মিলে তাঁকে ঘর থেকে বের করে দেয়।’ প্রিয়াঙ্কা বলেন, তিনি আবার পড়ালেখা করতে চান। তিনি আর স্বামীর ঘরে যাবেন না। স্বামী-শ্বশুরের শাস্তি চান তিনি। মামলার তদন্ত কর্মকর্তা রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর উদ্দিন বলেন, ‘এভাবে কী মানুষ নির্যাতন করে! ঘটনার পর থেকে আসামিরা পলাতক। আর এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিচ্ছে না।’ পুলিশের কাছে আসামিরা পলাতক হলেও এ প্রতিবেদকের সঙ্গে শ্বশুর রঞ্জিত সেনের মুঠোফোনে যোগাযোগ হয়েছে। তিনি দাবি করেন, ‘আমি ওই সময় ঘরে ছিলাম না। দুই বউ ছিল। কীভাবে হয়েছে আমি জানি না। আর প্রিয়াঙ্কা স্বেচ্ছায় বাড়ি থেকে চলে গেছে। তবে এ ঘটনাটি সমঝোতার চেষ্টা চলছে।