যৌতুকের জন্য প্রাণ গেল গৃহবধূর
বরগুনার আমতলী উপজেলার ছোট আমখোলা গ্রামে যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে ময়না (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।নিহত ময়নার পরিবারের অভিযোগ, স্বামী মো. জাহাঙ্গীরের (৩৮) কয়েক দফা নির্যাতনের শিকার হয়ে ময়না বেশ কয়েক দিন ধরে গুরুতর অসুস্থ থাকার পর গত বুধবার দিবাগত রাতে মারা যান।ময়নার বড় ভাই জসিম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর তাঁর বোনকে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ গত ১৬ অক্টোবর ময়নাকে বেধড়ক মারধর করেন জাহাঙ্গীর। এতে তিনি গুরুতর আহত হন। ক্রমাগত নির্যাতনের ফলে ময়না গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যান। তালতলী থানার ওসি শামসুল হক জানান, সুরতহাল প্রতিবেদনে ময়নার শরীরে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।