যৌতুকের জন্য শ্বাসরোধ করে গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের জন্য চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা এলাকার মহাদেবপুর গ্রামে গৃহবধূ প্রিয়াংকাকে (২২) শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৮ সালে মহাদেবপুর গ্রামের প্রেমতলা এলাকার বাসিন্দা নারায়ণ সিংহের মেয়ে প্রিয়াংকার (২২) সঙ্গে একই গ্রামের পশ্চিম পাড়ার শিবু বিশ্বাসের ছেলে পঙ্কজ বিশ্বাসের (৩০) বিয়ে হয়। বিয়ের পর থেকে পঙ্কজ ও তাঁর পরিবারের লোকজন যৌতুকের জন্য প্রিয়াংকার ওপর প্রায়ই অত্যাচার করত। মেয়ের সুখের জন্য নারায়ণ সিংহ পাঁচ লাখ টাকা দিয়ে জামাই পঙ্কজকে একটি ম্যাক্সি গাড়ি কিনে দেন। এরই মধ্যে তাঁদের একটি কন্যাসন্তানও হয়। পঙ্কজ গাড়ি চালানোর পাশাপাশি রাতে প্রায়ই মদ পান করে স্ত্রীকে মারধর করতেন। একপর্যায়ে তিনি আবারও যৌতুকের জন্য চাপাচাপি করেন। কিন্তু প্রিয়াংকা অস্বীকার করায় পঙ্কজসহ পরিবারের লোকজন তাঁর ওপর নির্যাতন করে। এরই মধ্যে ৮ এপ্রিল রাত ১০টার দিকে প্রিয়াংকার ভাশুর রাজেশ বিশ্বাস ফোনে নারায়ণ সিংহকে জানান যে তাঁর মেয়ে সিলিংফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে নারায়ণ সিংহ আত্মীয়স্বজনসহ গিয়ে মেয়েকে খাটে শোয়া দেখতে পান।পরে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রিয়াংকার মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য প্রিয়াংকার শাশুড়িকে আটক করে।ময়নাতদন্ত প্রতিবেদনে প্রিয়াংকাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধরা পড়ে। এরপর ১১ এপ্রিল নারায়ণ সিংহ সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রিয়াংকার স্বামী, শ্বশুর, শাশুড়ি, ভাশুরসহ ছয়জনকে আসামি করা হয়।নারায়ণ সিংহ অভিযোগ করেন, আসামিরা মামলা প্রত্যাহারের জন্য মুঠোফোনে হুমকি দিচ্ছেন এবং নানা ভয়ভীতি দেখাচ্ছেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, ‘আসামিরা পালিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’