যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় যৌতুকের মোটরসাইকেলের দাবিতে এক গৃহবধূর ওপর নির্যাতন চালানো হয়েছে। শুধু তা-ই নয়, আহত ওই গৃহবধূর চিকিৎসা না করিয়ে তাঁকে তিন দিন আটক রাখা হয়। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গৃহবধূর শ্বশুর ইসমাইল হোসেনকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে।নির্যাতিত গৃহবধূ ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দরগামাড়িয়া গ্রামের মোসলেম আলীর মেয়ে মমতা খাতুনের (২০) সঙ্গে মোহাম্মদপুর গ্রামের ইসমাইলের ছেলে ইউসুফ আলীর দুই বছর আগে বিয়ে হয়। মোসলেম আলী জানান, ইউসুফ ও তাঁর পরিবারের দাবির পরিপ্র্রেক্ষিতে বিয়ের পর কিছু যৌতুক দেওয়া হয়। এর কিছুদিন পর ইউসুফ যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল আনার জন্য স্ত্রীকে চাপ দেন। গত মঙ্গলবার সকালে তিনি আবার স্ত্রীকে চাপ দেন মোটরসাইকেল আনার জন্য। এতে অস্বীকৃতি জানালে ইউসুফ তাঁর স্ত্রীকে বেদম পেটান। একপর্যায়ে মমতা জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরে পেলে তাঁর গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। মমতা অভিযোগ করেন, স্বামীর এই নির্যাতনে তাঁর শ্বশুরবাড়ির লোকজন সহযোগিতা করেছে।মমতার বাবার বাড়ির লোকজন ঘটনা জেনে ওই দিন তাঁকে উদ্ধারে গেলে তাঁদের কাছে মমতাকে দেওয়া হয়নি। উপরন্তু আহত অবস্থায় কোনো চিকিৎসার ব্যবস্থা না করে তাঁকে পার্শ্ববর্তী কামনগর গ্রামে সাইদুর রহমানের বাড়িতে আটক রাখা হয়। গত বৃহস্পতিবার বিষয়টি থানায় জানালে পুলিশ ওই দিন বিকেলে মমতাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ব্যাপারে মমতা তাঁর স্বামী, শ্বশুরসহ পাঁচজনের বিরুদ্ধে বৃহস্পতিবার একটি মামলা করেছেন। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি শ্বশুর ইসমাইল হোসেনকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে।মমতা জানান, তাঁকে শারীরিক নির্যাতন ছাড়াও শরীরে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে। গত সোমবার রাতেও তাঁর শরীরে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে। বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল মতিন বলেন, মমতার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর চিকিৎসা চলছে।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, মমতার শ্বশুরকে গত শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি বৃহস্পতিবার থানাহাজতে সাংবাদিকদের বলেন, তিনি নির্যাতন সম্পর্কে কিছুই জানেন না। তবে ছেলে ও তাঁর স্ত্রী মমতার মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।