যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, স্বামী গ্রেপ্তার
ময়মনসিংহের নান্দাইলে এক গৃহবধূ নির্যাতনের শিকার হয়েছেন। যৌতুক না পেয়ে স্বামী আবদুস সালাম (৪০) তাঁর ওপর নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি চারিয়া গ্রামে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ আবদুস সালামকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার আদালতে পাঠিয়েছে।
নির্যাতনের শিকার গৃহবধূ জানান, প্রায় ১২ বছর আগে আবদুস সালামের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী তাঁকে মারধর করতেন। দরিদ্র বাবার পক্ষে যৌতুক দেওয়া সম্ভব হবে না ভেবে সব নির্যাতন মুখ বুজে সহ্য করতেন। সোমবার রাতে স্বামী তাঁকে মারধর শুরু করেন। একপর্যায়ে স্বামী তাঁর মুখ ও শরীরে কামড়ে গুরুতর জখম করেন। গৃহবধূর মামা আবদুল আজিজ জানান, নির্যাতনের খবর পেয়ে তিনি গতকাল তাঁকে (গৃহবধূ) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নান্দাইল মডেল থানার এসআই মাহমুদুল হাসান বলেন, সালামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সালাম বলেন, ‘আমার সঙ্গে খারাপ আচরণ ও মাকে মারধর করায় ক্ষিপ্ত হয়ে এ কাজ করেছি।’