যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কলাবাগান গ্রামে গত মঙ্গলবার যৌতুকের জন্য নাসিমা বেগম (২০) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নাসিমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে নাসিমা জানান, তাঁর স্বামী আনোয়ার হোসেন (৩০) ট্রাক্টরচালক। তাঁদের ঘরে তামিম ইকবাল নামে ছয় মাসের একটি শিশু সন্তান রয়েছে। প্রায় প্রতিদিনই শ্বশুরবাড়িতে তাঁকে নির্যাতন করা হয়েছে। দেড় বছর আগে কলাবাগান গ্রামের হামিদার রহমানের ছেলে আনোয়ারের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়েতে ৭৫ হাজার টাকা যৌতুক তুলে দেওয়া হয় তাঁর শ্বশুরের হাতে। আরও যৌতুকের জন্য আনোয়ার তাঁর ওপর অমানবিক নির্যাতন চালাতে থাকেন। ঘটনার দিন রাতে সেই নির্যাতনের মাত্রা বেড়ে যায়। বাঁশ দিয়ে তাঁকে মারধর করেন আনোয়ার। একপর্যায়ে তিনি জ্ঞান হারান। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নির্যাতনের ঘটনায় নাসিমা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে গতকাল একটি মামলা করেছেন। দ্রুত আসামিকে গ্রেপ্তার করা হবে।